জামালপুরে ৪০ ইউনিয়ন ও ৩ পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত
এসব এলাকার ২২ হাজার ৬৫টি পরিবারের ১ লাখ ১৩ হাজার ৬৯০ জন মানুষ বন্যায় পানিবন্দি হয়েছে।
উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাইসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েকশ পরিবার। বন্যার পানি ঢোকায় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। পানিতে নিমজ্জিত হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সরকারি হিসেবে বন্যায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ, সদর ও বকশীগঞ্জ উপজেলার ৪০টি ইউনিয়ন ৩টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ২২ হাজার ৬৫টি পরিবারের ১ লাখ ১৩ হাজার ৬৯০ জন মানুষ বন্যায় পানিবন্দি হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারের মুদি দোকানদার ইউসুফ আলী বলেন, চারপাশে পানির মধ্যে দোকান খুলে বসে থাকলেও কেনার মত কেউ নাই। কারণ যারা পানিবন্দি অবস্থায় বাড়িতে আছেন তাদের কারোর হাতে টাকা-পয়সা নাই।
কয়েকদিন ধরে পানি যেভাবে বাড়ছে সেই ধারা অব্যাহত থাকলে তার দোকানও ডুবে যাবে বলে শঙ্কায় আছেন তিনি।
আমতলী গ্রামের রাব্বি শেখ জানান, চারিদিকে পানি আর পানি। পুরো এলাকাটি যমুনার পানিতে নিমজ্জিত। বন্যা দুর্গতদের দুর্ভোগ বাড়লেও খোঁজ নেবার কেউ নাই। পানির জন্য হাট-বাজার করতে পারছেন না, খাবারও পারছেন না।
চিনাডুলির রুবেল মিয়া জানান, তাদের ঘরে এক হাঁটু করে পানি উঠেছে। বাড়িঘরে পানি ওঠায় তারা পরিবার নিয়ে ইসলামপুর উপজেলা সদরে যাচ্ছেন।
বন্যায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী আঞ্চলিক সড়কের ৩০ মিটার অংশ বন্যার পানিতে ভেঙে যাওয়ায় ওই এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, সরকারিভাবে বন্যার্তদের জন্য ৩০০ টন চাল ও চার হাজার ৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। বন্যার্তদের জন্য ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় সাতটি এবং ইসলামপুর উপজেলায় চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে অন্তত দুই হাজার মানুষ ও তাদের গৃহপালিত পশু আশ্রয় নিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান বলেন, “বন্যার পানি প্রবেশ করায় জেলার ১০৫টি প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।”
জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোজাম্মেল হাসান জানান, বন্যার কারণে জেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা সাংবাদিকদের জানান, বন্যায় জেলার অন্তত সাত হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
