২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফুলগাজীতে বিদ্যুৎ অফিসে হামলা, সোনাগাজীতে ছাত্রলীগের পাহারা

ছাগলনাইয়ায় হামলার ঘটনার পর থেকে সোনাগাজীর পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে পাহারা দিচ্ছে ছাত্রলীগ।

ফুলগাজীতে বিদ্যুৎ অফিসে হামলা, সোনাগাজীতে ছাত্রলীগের পাহারা

ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা করেছে গ্রাহকরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:13 PM

Updated : 18 Apr 2023, 09:13 PM

ফেনীতে অব্যাহত লোডশেডিংয়ে ‘অতিষ্ঠ’ হয়ে ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা করে ইট- পাটকেল নিক্ষেপ করেছে ‘বিক্ষুব্ধ’ গ্রাহকরা।

সোমবার রাতে উপজেলার মুন্সীরহাট বাজারে পল্লী বিদ্যুতের (সাব-সেক্টর) উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ফুলগাজী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার ইকবাল মাহদী।

তিনি বলেন, “বিক্ষুব্ধ লোকজন মুন্সীরহাট বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করার জন্য আসেন। ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কাঁটাতারের বেড়া ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ফুলগাজী থানার ওসি মো. আবুল হাসিম বলেন, “ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। বিদ্যুৎ উপকেন্দ্রে পুলিশ মোতায়ন করা হয়েছে।”

সোনাগাজী বিদ্যুৎ অফিসে ছাত্রলীগের পাহারা

ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পর পরই সোনাগাজী উপজেলার পল্লী বিদ্যুতের কয়েকটি কেন্দ্রে বাড়তি সতর্কতায় পাহারা দিচ্ছে ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়ার নেতৃত্বে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস চরচান্দিয়া, মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী সাব-জোনাল অফিস, বগাদানায় কুটির হাট সাব-জোনাল অফিস (অভিযোগ কেন্দ্র), চরদরবেশের কাজীরহাট সাব-জোনাল অফিস, মঙ্গলকান্দির ডাকবাংলা সাব-স্টেশনে পাহারা দেন।

এ সময় আরও ছিলেন সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মিরাজ উদ্দিন রিফাত, তানভীর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা লিংকন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল জামিল তারেক, বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন, কর্মী বিজয়, তুহিন, বাবলু।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, সম্প্রতি লোডশেডিং নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পরপর উপজেলার বিদ্যুৎকেন্দ্রগুলোতে সতর্ক পাহারা বাড়ানো হয়। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা কেন্দ্রগুলোতে ছিলেন।

ছাগলনাইয়ার বিদ্যুৎ অফিসে হামলা ঘটনায় গ্রেপ্তার ১

এ দিকে ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে এ মামলা করেন।

গ্রেপ্তার রাকিবুল হাসান শুভ উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থী।

রোববার রাতে লোডশেডিংয়ের ‘অতিষ্ঠ’ হয়ে একদল ‘বিক্ষুব্ধ’ লোকজন ছাগলনাইয়ার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় অফিসের গেইট, আসবাবপত্র, দরজা ও জানালার কাচ ভাঙচুর করা হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়া বাজার অংশে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লোকজন মহাসড়ক ছাড়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, “বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

আরও পড়ুন

পুরানো খবর:

লোডশেডিং: ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ‘হামলা, ভাংচুর’