১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লোডশেডিং: ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ‘হামলা, ভাংচুর’

‘উত্তেজিত’ জনতা ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়া বাজার অংশে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 11:22 AM

Updated : 17 Apr 2023, 11:22 AM

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে ‘অতিষ্ঠ’ হয়ে ‘বিক্ষুব্ধ’ লোকজন ফেনীর ছাগলনাইয়ার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে বলে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম জানিয়েছেন।

তিনি বলেন, “বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে অফিসের গেইট, আসবাবপত্র, দরজা ও জানালার কাচ ভাঙচুর করেছে। এসময় ভয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।“

ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় বলেন, ‘উত্তেজিত জনতা’ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়া বাজার অংশে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লোকজন মহাসড়ক ছাড়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

হামলার পর বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিন ধরে পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে ‘ভয়াবহ’ মাত্রায়।

পৌর শহরের ব্যবসায়ী বিনি আমিন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎবিহীন দুর্বিসহ জীবন যাপন করছে মানুষ। বাসা-বাড়ি ও মসজিদে পানির জন্য হাহাকার পড়ে যায়। ইফতার, তারাবি, সেহেরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় রোজা রাখা এবং ইবাদত করতেও সমস্যা হচ্ছে মানুষের।

‘সংশ্লিষ্ট বিভাগের কেউ এ ব্যাপারে কিছু বলছে না। যে কারণে উত্তেজিত জনতা রাতে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।”

এলাকার ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের কারণে ঈদের আগে মার্কেট, বিপণি বিতানগুলোতেও লোকসমাগম কমে গেছে, ফলে বেচাকেনা আশানুরূপ হচ্ছে না।

লোডশেডিংয়ের বিষয়ে প্রশ্ন করলে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. জানে আলম বলেন, “উপজেলায় বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে। এতে আমাদের করার কিছুই নেই।“