২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বামজোটের মিছিলে পুলিশের বাধা

সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট৷

নারায়ণগঞ্জে বামজোটের মিছিলে পুলিশের বাধা

বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনে মিছিল দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু সড়কে আসলে পুলিশ তাদের বাধা দেয়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2023, 09:53 AM

Updated : 16 Nov 2023, 09:52 AM

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে মিছিলে বাধা দিয়েছে পুলিশ৷ এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জোটের নেতারা৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট৷

এই হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে শহরে মিছিল বের করে জোটের নেতারা৷ পৌনে ৭টার দিকে মিছিলটি দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু সড়কে আসলে পুলিশ তাদের বাধা দেয়৷

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যানার কেড়ে নিয়ে বিনা উসকানিতে লাঠিচার্জ করে পুলিশ৷ এতে আমাদের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন৷”

Image

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা।

আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান বামজোটের এই নেতা।

আহতদের মধ্যে আছেন- সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদের সাংস্কৃতিক সংগঠন চারণের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, রি-রোলিং স্টিল মিলের সংগঠক রেজাউল করিম, ছাত্রফ্রন্টের নেতা জিহাদ হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাবতলী শাখার মো. আলম, সিপিবির নুরুল ইসলাম, শরৎ মণ্ডল, শ্রমিক ফ্রন্টের রোকন মিয়া।

Image

হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় মিছিল করে গণতন্ত্র মঞ্চের নেতারা৷

নারায়াণগঞ্জ সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, “সকালে হরতালের সমর্থনে বামজোটের নেতা-কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।”

এ সময় নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়নি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

Image

নাগিনা জোহা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায় মহানগর যুবদল৷

এদিকে বিএনপি ও সমমনা দলের ডাকা পঞ্চম দফা অবরোধের সমর্থনে সদর উপজেলার নাগিনা জোহা সড়কের চাঁদমারী থেকে হাজীগঞ্জ পর্যন্ত মিছিল করে মহানগর যুবদল৷ এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়৷

এছাড়া তফসিল প্রত্যাখ্যান করে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ৷ হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় মিছিল করে গণতন্ত্র মঞ্চের নেতারা৷