‘ফেইসবুকে মন্তব্য’: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর
শিক্ষার্থীর অভিযোগ, ফেইসবুকে মন্তব্যকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে।
ফেইসবুকে মন্তব্যকে কেন্দ্র করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছয় সিনিয়রের বিরুদ্ধে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরমান মাসুদ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।
আরমান মাসুদ অভিযোগ করে বলেন, “বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন ভাই শনিবার আমাকে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের লিপু’স ক্যান্টিনে ডেকে নিয়ে যায়। সেখান থেকে ইমন ভাইয়ের বন্ধু আশরাফুল ইসলাম বিজয়, নোমান আহমেদ তাসনিম, শেখ নাঈম, রিজভী আহমেদ, আবির হাসান সাজিদ আমাকে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়ে নিয়ে যায়।”
“তারপর ফেইসবুকে কমেন্ট করার প্রসঙ্গ তুলে আমাকে বেধড়ক মারধর শুরু করে। তারা আমাকে বাঁশের লাঠি দিয়ে পেটায়। আমি অনেক কান্নাকাটি করলেও ছাড়েনি। একপর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তারা সবাই মিলে আমাকে লাথি ঘুষি মারে।”
আরমান মাসুদ আরও অভিযোগ করেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশকে জানালে আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি বাপন চন্দ্র কুঁড়ি বলেন, “মারপিটের শিকার ওই শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি আমি প্রক্টরকে পাঠিয়েছি। ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
“অভিযোগের সত্যতা পাওয়া গেলে, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, “সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে অভিযোগটি রোববার পেয়েছি। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও হামলার শিকার শিক্ষার্থীর সঙ্গেও সোমবার কথা বলেছি। এ নিয়ে আমরা দ্রুত পরবর্তীতে ব্যবস্থা নেব।”
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেব।
এ ব্যাপারে আশরাফুল ইসলাম বিজয় বলেন, “আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে বলে শুনেছি। ফেইসবুকে সিনিয়রদের বিষয়ে কমেন্ট করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
“এ ঘটনায় আমার বিরুদ্ধে মারপিটের অভিযোগ আনা হয়েছে। এতে আমি হতবাক হয়েছি। এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই।”
