হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র এলাকায় কাঁপুনির ঘটনায় আতঙ্কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
Published : 04 Feb 2024, 08:19 PM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আশপাশে ভূমিকম্পের মত তীব্র কাঁপুনিতে বেশকিছু ঘরবাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার রাত ১০টার দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নর্থ প্যাডে এ ঘটনা ঘটে। রাতেই এলাকাবাসী গ্যাসক্ষেত্র এলাকায় বিক্ষোভ করলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে পরে পরিস্থিতি শান্ত হয়।
রোববার বিকাল ৩টার দিকে ফের বিক্ষোভে নামেন হাজারো এলাকাবাসী।
তাদের অভিযোগ, বৃহস্পতিবার থেকে রোববার ভোর পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রতিদিন তিন থেকে চারবার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়। এতে মাটি কেঁপে বেশকিছু বাড়িতে ফাটল ধরেছে। তীব্র কাঁপুনিতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক মো. আলতাফ হোসেনের স্বাক্ষর এক আদেশে কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানকে আহ্বায়ক, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন) মো. সালাহ উদ্দিনকে সদস্যসচিবেএবং বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র এলাকায় কাঁপুনিতে কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
আদেশে বলা হয়, তদন্ত কমিটি সরেজমিন বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন করে ভূগঠনগত তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করবে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনমনে সৃষ্ট ভীতি ও আতঙ্ক দূর করতে জনগণের সঙ্গে আলোচনা করবেন। কমিটিকে ভূকম্পনের পেছনে গ্যাস ফিল্ডগুলোর প্রভাব বিশ্লেষণ করে ও প্রকৃত কারণ উদ্ঘাটন করে আগামী তিনদিনের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ বলেন, পেট্রোবাংলা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।