সিলেটে সড়কে ঝরল দুই প্রাণ
চা বাগান এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায় বলে পুলিশ জানায়।
সিলেটে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেল আরোহী।
বুধবার বিকাল পাঁচটার দিকে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।
নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. মেহদি আফনান (৩২) ও হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে আশফাকুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মালনীছড়া চা বাগান এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মেহদির চলন্ত মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা আশফাকুজ্জামানকে গুরুতর অবস্থায় এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি ওই হাসপাতালে রয়েছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
