২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জাহিদুলের পক্ষে বিএনপি নেতাকর্মীদের মিছিল

তারা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে সদর আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা শহরে ৩১ দফার পক্ষে প্রচারপত্র বিলি করেন।  

রোববার দুপুরে শহরের তাজের মোড় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। 

তারা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে সদর আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন, “২০১৮ সালেও জাহিদুলকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাকে এবার মনোনয়ন দিলে এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত।” 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুক্তার বলেন, জাহিদুলের পক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখানে ধানের শীষের পক্ষে জনমত দিন দিন আরও দৃঢ় হচ্ছে। 

বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয় বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা।” 

তিনি বলেন, “ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। এই কর্মসূচির মাধ্যমে নওগাঁয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে। যত বাধাই আসুক না কেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বিএনপি।”

বিএনপি সম্প্রতি ২৩৮ আসনে তাদের প্রার্থী ঘোষণা করলেও নওগাঁ-৫ (সদর) আসনটি স্থগিত রয়েছে।