ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, তরুণ নিহত
কৈডুবী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
সোমবার বিকালে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত সানি ব্যাপারী (২০) ওই গ্রামের আতিয়ার ব্যাপারীর ছেলে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর বলেন, সকালে হযরত ফাতেমাতুজ যহুরা (রাযিঃ) মহিলা মাদ্রাসায় যাতায়াতের পথে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছিল একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর। মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী এর প্রতিবাদ করেন।
এ ঘটনার জেরে ওই গ্রামের বশার মাতুব্বর, বাক্কার মাতুব্বর, আলমগীর মাতুব্বর, হাসান মাতুব্বর, জাহাঙ্গীর মাতুব্বরের লোকজনদের সঙ্গে মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী, সবুজ ব্যাপারী, পলাশ ব্যাপারী ও আতিয়ার ব্যাপারীর পক্ষের লোকজনের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর থেকে সানি ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই তিনি মারা যান।
এ ব্যাপারে দুপক্ষের নেতৃত্বদানকারী কারও সঙ্গে যোগাযাগ করা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
