ফরিদপুরে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
ফরিদপুর নগরকান্দা উপজেলায় ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার মধ্যরাতে উপজেলার রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দির এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নগরকান্দা থানার ওসি রেজাউল করিম।
নিহত মো. শাহিন (২৩) উপজেলার গজগাহ এলাকার মো. মোস্তফার ছেলে।
আহতরা হলেন- সুমন শেখ (২৫), পারভেজ (১৮) এবং এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে উপজেলার তালমার মোড় থেকে পাঁচ যুবক দুর্গামন্দিরের সামনে এলে একটি মোটরসাইকেলে আসা দুইজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের সন্দেহ হলে চোর চোর বলে ডাক-চিৎকার শুরু করেন।
এক পর্যায়ে দুই শতাধিক গ্রামবাসী লোকজন জড়ো হয়ে তাদের এলোপাথাড়ি মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যান।
আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।
ওসি রেজাউল করিম বলেন, “ঘটনাটি তদন্ত করছি, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
