Published : 20 Aug 2026, 06:32 PM
যশোর সদরে মোটরসাইকেল থামিয়ে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান।
নিহত আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার প্রয়াত আক্কাস আলীর ছেলে।
ওসি মাসুম খান বলেন, মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার পথে আল-আমিনকে দাঁড় করানো হয়। পরে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের খালাতো ভাই হাসান লাশটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
ওসি বলেন, পুলিশের একাধিক দল ও ডিবি ঘটনাস্থলে রয়েছে। তবে কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।