Published : 12 Jul 2026, 07:42 PM
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে টহলের সময় দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবির দাবি, গুলি ছোড়ার পর ওই দুই ব্যক্তি সীমান্তের ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের দিকে পালিয়ে যান। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
তিনি বলেন, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল করতে দেখতে পান বিজিবি সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তিকে থামতে, পরিচয় দিতে ও আত্মসমর্পণ করতে একাধিকবার বলা হলেও তারা তা না মেনে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে এবং গতিরোধের জন্য গুলি ছোড়েন।
তিনি বলেন, পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও ওই দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ভাষ্য, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।