যাচ্ছিলেন মিছিলে, পায়ে গুলি নিয়ে হাসপাতালে
“কারা কেনো গুলি চালিয়েছে আমি জানি না। তবে যেখানে আমার পায়ে গুলি লেগেছে, সেখানে পুলিশের কাউকে দেখিনি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি ময়নামতি জাদুঘর সড়কের মাথায় আশরাফুল ইসলাম নাঈম নামের ওই শিক্ষার্থীর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন তিনি।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ১৯ বছর বয়সী নাঈমের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।
নাঈমের খোঁজ নিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কথা হয় অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সির সঙ্গে।
নাঈমের শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ চিকিৎসক বলেন, “গুলিটি নাঈমের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরেই রয়ে গেছে।
“এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ধাপে তার পায়ে অস্ত্রোপচার করতে হবে।”
চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় ক্যাজুয়ালটি বিভাগের একটি বিছানায় নাঈমকে শুয়ে থাকতে দেখা যায়। তার বাঁ পা মোটা করে গজ ব্যান্ডেজ দিয়ে বাঁধা। চোখেমুখে তখনও আতঙ্কের ছাপ এ তরুণের।
কী ঘটেছিল? জানতে চাইলে নাঈম বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিতে আমি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনে দৌঁড় দেই। কিছুদূর গিয়ে রাস্তার ওপরে পড়ে যাই। তখন দেখি আমার পায়ে গুলি লেগেছে। এর পরপরই জ্ঞান হারিয়ে ফেলি।”
নাঈম বলেন, জ্ঞান ফেরার পর দেখেন তার মোবাইল ফোনটি নেই। পরে এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান।
“কারা কেনো গুলি চালিয়েছে আমি জানি না। তবে যেখানে আমার পায়ে গুলি লেগেছে, সেখানে পুলিশের কাউকে দেখিনি।” যোগ করেন তিনি।
এ প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, ওই শিক্ষার্থীকে কে বা কারা গুলি করেছে, তিনি জানেন না। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ:
এদিকে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল পর্যন্ত যায়। এরপর আবার ফিরে আসে মূল ফটকের সামনে। এ সময় ‘শিক্ষা-সন্ত্রাস, একসঙ্গে চলবে না’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘তুমি কে, আমি কে? সমন্বয়ক, সমন্বয়ক’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এছাড়া আন্দোলনকারীরা ১৫ জুলাইকে ‘কোটা প্রথাবিরোধী ছাত্র আন্দোলন দিবস’ হিসেবে ঘোষণা করে। শিক্ষার্থীদেরকে আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও বিজিবি সদস্যরা।
বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, তাদের মিছিল শুরু হওয়ার কথা ছিল বেলা ২টার দিকে। কিন্তু শিক্ষার্থীদের আসতে মোড়ে মোড়ে বাঁধা দেওয়া হয়েছে। পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয়মুখী প্রতিটি যানবাহনে তল্লাশি করেছে তারা। কোনো গাড়িতে আন্দোলনকারীদের কেউ থাকলে তাদেরকে গালিগালাজ ও মারধর করে ফেরত পাঠানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম সদস্য মোহাম্মদ সাকিব হোসাইন বলছিলেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছিলাম। কিন্তু কর্মসূচিতে আসার সময় শিক্ষার্থীদের মোড়ে মোড়ে বাঁধা দেওয়া হয়েছে; মারধর করা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, “সোমবার তেমন কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়নি শিক্ষার্থীদের। তবে যদি কেউ আমাদের অনুমতি ছাড়া কর্মসূচি পালন করে তাহলে সেই দায়ভার আমাদের না।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমানে কোনো কমিটি নেই। সোমবার বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা রেজা-ই-এলাহী, আবু সাদাৎ মো. সায়েম, ইকবাল খানসহ কয়েকজনকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে ইকবাল খানের ভাষ্য, “শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা সড়কে দাঁড়িয়েছি। কারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বহিরাগত ক্যাম্পাসে এসে নাশকতা সৃষ্টি করতে পারে।”
তার দাবি, তাদের অবস্থানের কারণে শিক্ষার্থীরা ‘নির্বিঘ্নে’ ক্যাম্পাসের দিকে যেতে পেরেছে। তারা কাউকে বিক্ষোভ মিছিলে যেতে বাঁধা বা মারধর করেননি।
কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া বলছেন, “শিক্ষার্থীদের বাঁধা দেওয়া বা মারধরের কোনো ঘটনা ঘটেছে কী-না সেটা আমার জানা নেই। তবে কেউ কোনো অভিযোগ দিলে তদন্ত করে দেখব।”
