খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বাস
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আহত অবস্থায় পেয়েছে।
খাগড়াছড়ির গুইমারায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে বাস। এতে দুজন আহত হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাইল্ল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গুইমারা থানার পুরিদর্শক (তদন্ত) দীপংকর মণ্ডল।
তিনি বলেন, ভোররাতে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। দুই জনকে আহত অবস্থায় পেয়েছি।
আহতদের একজনে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের বাড়ি কুমিল্লা হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে বাসটির চালক ও সহকারী পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
