২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

গত ১৭ই ফেব্রুয়ারি রাতুলের সৌদি আরব যাওয়ার কথা ছিল, কিন্তু ৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার।

কিশোরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

ছেলে হত্যার সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন মা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 10:37 PM

Updated : 23 Jul 2023, 10:37 PM

কিশোরগঞ্জের হোসেনপুরের কলেজছাত্র রাতুল হত্যায় জড়িতদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা ও স্বজনরা।

রোববার কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ছেলে হত্যার সঠিক বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন রাতুলের মা। তিনি প্রকৃত আসামিদের গ্রেপ্তারসহ বিচার দাবি করেন।

এসময় আরও বক্তব্য দেন মামলার বাদী ও নিহত রাতুলের চাচা মো. শফিকুল ইসলাম, তিন বোন বিথী আক্তার, স্মৃতি আক্তার ও লুবনা আক্তার, চাচা সাহিদ মিয়া, চাচী মোছা. মমতাজ বেগম, দাদা মো. নজরুল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান।

নিহত রাতুলের মা বিলকিস জানান, সাত বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাতুলের বাবা রফিকুল ইসলাম মারা যান। এরপর থেকে তিনি দর্জির কাজ করে তিন মেয়ে ও এক ছেলের সংসার চালিয়েছেন। এইএসসি পাসের পর পরিবারকে সাহায্য করতে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেয় রাতুন। সংসারে সচ্ছলতা ফেরাতে একমাত্র ছেলে রাতুলকে সৌদি আরবে পাঠানোর জন্য ধারদেনা ও জমিজমা বিক্রি করে অর্থ জোগাড় করেন তিনি।

সব প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ১৭ই ফেব্রুয়ারি রাতুলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু এর মাত্র ১০ দিন আগে ৭ ফেব্রুয়ারি মারা যায় রাতুল।

বিলকিছ বলেন, “৫ ফেব্রুয়ারি রাতে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কলেজ ছাত্র রাতুল এর উপর হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত রাতুলকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৭ ফেব্রুয়ারি রাতুলের মৃত্যু হয়।” 

এ ঘটনায় রাতুলের চাচা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মো. বকুল মিয়াকে (৪৫) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় হত্যাচেষ্টাসহ গুরুতর জখমের অপরাধে মামলা করেন। রাতুলের মৃত্যুর পর এটি হত্যা মামলায় পরিণত হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার এসআই মো. মিল্টন মিয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। সেখানে এজাহারে থাকা ১০ জনের মধ্যে ছয়জনকেই অব্যাহতি দেওয়া হয়েছে।

“এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ন্যায়বিচারের স্বার্থে এ মামলার পুনঃতদন্ত প্রয়োজন।”

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, “পরিপূর্ণ তদন্তের ভিত্তিতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ নিয়ে বাদীপক্ষের কোনো আপত্তি থাকলে তারা আদালতে নারাজি দিতে পারেন।”