Published : 17 Jan 2026, 11:39 PM
চরমপন্থিদের ‘তৎপরতা’ সম্পর্কে তথ্য দিলে অর্থ পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা হয়।
আইজিপি বলেন, “সম্প্রতি কিছু বিপজ্জনক বিস্ফোরক ও নাশকতার পরিকল্পনার আলামত পাওয়া গেছে। যদিও আগের তুলনায় চরমপন্থি গোষ্ঠীগুলোর তৎপরতা কম, তবুও ঝুঁকিপূর্ণ অভিযান, তল্লাশি ও অস্ত্র উদ্ধারের সময় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
“এসব বিষয়ে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সব পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীল থাকার নির্দেশ দেন আইজিপি।
“একান্ত প্রয়োজন না হলে কোনো ধরনের বলপ্রয়োগ করা যাবে না। এসংক্রান্ত সব নির্দেশনা ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ও পুলিশ রেগুলেশনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।”
আইজিপি বলেন, “নির্বাচনের সময় ব্যর্থতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক পরিবর্তন নিয়ে পুলিশের ভাবার প্রয়োজন নেই। পেশাদারিত্ব, আত্মমর্যাদা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে দায়িত্ব পালন করলেই পুলিশের সাফল্য নিশ্চিত হবে।”
সভায় অন্যদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিললুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বক্তব্য রাখেন।