২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসে বাকবিতণ্ডার জেরে মারধর, বিএনপি নেতা বহিষ্কার

তবে বাকবিতণ্ডার জেরে বাস ভাঙচুর ও চালককে মারধরের বিষয়টি বিবৃতিতে এড়িয়ে যাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে বাসে বাকবিতণ্ডার জেরে মারধর, বিএনপি নেতা বহিষ্কার
ইকবাল হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 09:55 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

নারায়ণগঞ্জে বাসে ভাঙচুর, চালক ও যাত্রীকে মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার করেছে তার দল।

শুক্রবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “দলবল নিয়ে সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ জন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”

শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলা একটি বাস যানজটের কারণে ঘন ঘন ব্রেক কষায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। 

তখন যাত্রীদের মধ্যে থাকা বিএনপি নেতা ইকবাল হোসেন বাসচালককে ধমক দেন। চালক পাল্টা প্রতিক্রিয়া জানালে তাকে হুমকি দেন ইকবাল। 

বাসটি সানারপাড়ে থামার পর ২৫-৩০ জন লোক নিয়ে ইকবাল হামলা চালান এবং চালককে মারধর করেন। 

মিনহাজ আমান ঘটনার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করা হয়।   

এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। 

মিনহাজ আমানকে হেনস্তার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে  আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএম।  

বিবৃতিতে মিনহাজকে একজন ফ্যাক্ট চেকিং সাংবাদিক উল্লেখ করে বিজেআইএমের আহ্বায়ন স্যাম জাহান ও সদস্যসচিব ফয়সাল মাহমুদ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ অবস্থায় বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজ থেকে  ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কারের বিবৃতি প্রচার করা হয়। 

তবে চালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাস ভাঙচুর ও মারধরের বিষয়টি বিবৃতিতে এড়িয়ে যাওয়া হয়েছে।

পুরোনো খবর:

নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ