২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন খবরে বাসে তল্লাশি, পরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

“আটক ইকবাল পুলিশকে জানিয়েছে, চট্টগ্রাম থেকে সে মাদকগুলো কুমিল্লায় নিয়ে যাচ্ছিল।”

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 08:00 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

ফেনীর সদর উপজেলার একটি যাত্রীবাহী একটি বাস থেকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে উপজেলার ফতেহপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইনস্পেক্টর) সাইফুল ইসলাম। 

গ্রেপ্তার ইকবাল হোসেন (৩০) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড লরিবাগ গ্রামের সুরুজ মিয়ার ছেলে৷ 

সাইফুল বলেন, “গোপন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক বিক্রেতা এক যুবককে আটক করা হয়।” 

“আটকের পর ইকবাল পুলিশকে জানায়, চট্টগ্রাম থেকে মাদকগুলো সে কুমিল্লায় নিয়ে যাচ্ছিল।”

ইকবালকে ফেনী মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।