নেত্রকোণায় একদিনে সর্বোচ্চ ২৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আটপাড়া উপজেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নেত্রকোণায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বোচ্চ ২৬ জন রোগী।
এর আগে গত ২ এপ্রিল এক দিনে ২৩ জন হামের রোগী শনাক্ত হয়েছিল।
এ তথ্য জানিয়ে নেত্রকোণা সিভিল সার্জন গোলাম মওলা বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
“এদের মধ্যে নেত্রকোণা সদর হাসপাতালে ২ জন, মদন উপজেলায় ৩ জন, কলমাকান্দায় ২ জন এবং পূর্বধলায় ১ জন চিকিৎসাধীন।”
আর দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে গত ২৬ মার্চ থেকে এ পর্যন্ত ১৩ দিনে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১৩৫ জন চিকিৎসা নিয়েছেন সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।
এদের মধ্যে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ১১ জনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
বাকি ১৭ জন নেত্রকোণার বিভিন্ন হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।
টিকা কর্মসূচি:
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আটপাড়া উপজেলাকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৮০৯ শিশুকে বিশেষ কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন গোলাম মওলা বলেন, “গত দুদিনে ১ হাজার ৯৫৬ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে ২ হাজার ৫১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
“বর্তমানে ৩টি ইউনিয়নে টিকাদান চলছে এবং পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নে টানা ২১ দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
হাম নির্মূলে পর্যায়ক্রমে টানা ২১ দিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নে এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
