কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী-শ্রমিকরা ক্ষতির মুখে
বুধবার থেকে সীমিত আকারে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি এখনও।
কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে প্রায় সপ্তাহ ধরে স্থবির থাকার পর সল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের।
তবে বুধবার কার্যক্রম শুরু হলেও ইন্টারনেটের ধীরগতির কারণে স্বাভাবিক হয়নি এখনও। ফলে শ্রমিক, ব্যবসায়ী এবং সরকার পক্ষ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এর আগে প্রায় সপ্তাহ ধরে স্থলবন্দরে এই আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি কর্মহীন হয়ে পড়েন হাজারো শ্রমিক। চরম বিপাকে পড়েন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
আমদানি-রপ্তানিকারকরা বলছেন, ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আনলেও ইন্টারনেট না থাকার কারণে খালাস করতে পারেনি। অন্যদিকে সড়কে ট্রাক চলাচল না করায় বিক্রি বন্ধ ছিল। সব মিলে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছে এখানকার ব্যবসায়ীরা।
সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল বলেন, “আন্দোলনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার সুযোগ ছিল না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
“পাশাপাশি সংশ্লিষ্ট সব শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছে। তবে আমদানি রপ্তানিসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইন্টারনেট ব্যাবস্থা পুরোপুরি চালু হলে এ সংকট কাটিয়ে উঠবে।”
বন্দর কর্তৃপক্ষ জানায়, কোটা সংস্কার আন্দোলনের জেরে প্রথমে পরিবহন সংকটে পড়েন সোনাহাট বন্দরের ব্যবসায়ীরা। এরপর দেশব্যাপী কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ায় ২০ জুলাই থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
এসময় ভারত থেকে কিছু পণ্যবাহী ট্রাক আসলেও ইন্টারনেট সংযোগ না থাকায় সেসব পণ্য খালাস হয়নি। এতে বাড়তি আর্থিক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম ইসলাম বলেন, শনিবার থেকে মঙ্গলবার বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ২৫ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে।
“বুধবার থেকে সীমিত আকারে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি এখনও। ফলে শ্রমিক, ব্যবসায়ী এবং সরকার পক্ষ সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন।”
