ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ স্থানে যানজটের শঙ্কা
ঢাকা থেকে আসা লক্কর-ঝক্কড় মার্কা ফিটনেসবিহীন লোকাল বাস মহাসড়কে বিকল হয়ে ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ।
এবারও উত্তরের পথে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রধানত ছয়টি কারণে এলেঙ্গা, গোলচত্বর, টোলপ্লাজা ও সেতুর ওপর এ চারটি স্পটে যানজটের আশঙ্কা রয়েছে।
আশঙ্কার কারণগুলো হলো- দুই লেনে ছয় লেনের গাড়ির চাপ, ফ্লাইওভার ও মহাসড়কে নির্মাণ কাজ, টোল আদায়ে বিঘ্ন বা ধীরগতি, লক্কড়ঝক্কড় মার্কা পরিবহন বিকল, মোটরসাইকেলের বাড়াবাড়ি এবং যে কোনো ধরনের দুর্ঘটনা।
ঈদযাত্রায় ওই ছয়টি বিষয়ই এ পথে যানজটের কারণ হিসেবে দেখা দিতে পারে বলে জেলা প্রশাসনের তিন দফার নিরাপদ ঈদযাত্রার সভায় চিহ্নিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্টরা এ বিষয়গুলোর সমাধানে দিনরাত কাজ করছেন বলেও সভায় জানান হয়।
সড়ক বিভাগ জানায়, এই মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার টাঙ্গাইল জেলার মধ্যে পড়েছে। এই সড়ক হয়ে প্রতিদিন ২৪টি জেলার ২০-২২ হাজার যানবাহন সেতু পারাপার হয়।
তবে ঈদের ছুটি শুরু হলে বিভিন্ন কলকারখানায় কর্মরত স্বল্প আয়ের মানুষ কম টাকায় ঢাকার লোকাল বাস বা বিকল্প পরিবহনে ঘরমুখী যাত্রা শুরু করেন। এতে যানবাহন পারাপারের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।
যমুনা সেতুর টোল প্লাজার তথ্যে জানা যায়, গত বছর রোজার ঈদের ছুটিতে ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। আর কোরবানির ঈদের ছুটিতে ৬৬ হাজার ৪৮৯টি যানবাহন সেতু পারাপার হয়েছিল।
যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, স্বাভাবিক অবস্থায় সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে সাতটি করে বুথে টোল আদায় করা হয়। ঈদের ছুটি শুরু হলে বুথের সংখ্যা বাড়ানো হবে। প্রতি প্রান্তে নয়টি করে ১৮টি বুথে টোল আদায় করা হবে। মোটরসাইকেলের জন্য পৃথক বুথ থাকবে।
এ ছাড়া সেতুতে যানবাহন বিকল হলে বা দুর্ঘটনার শিকার হলে তা সরিয়ে নেওয়ার জন্য র্যাকার প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি।
এদিকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশ কয়েক বছর যাবত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গলার কাঁটায় পরিণত হয়ে আছে।
গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেন (সার্ভিস লেনসহ) মহাসড়ক চালু রয়েছে। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশটি দুই লেন থেকে চার লেনের উন্নতিকরণের কাজ এখনো চলছে।
ফলে ঢাকার দিক থেকে ছয় লেনে আসা পরিবহনগুলো দুই লেনে প্রবেশ করতেই গতি কমে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে মহাসড়কে উন্নয়ন কাজে নিয়োজিত আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আউয়াল বলেন, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারের কাজ প্রায় শেষ। মহাসড়কের দুই পাশের সদ্য সম্পন্ন হওয়া চার লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে ঈদযাত্রায় কোনো সমস্যা হবে না।
এদিকে ঈদযাত্রায় ঢাকা থেকে আসা লক্কড়ঝক্কড় মার্কা ফিটনেসবিহীন লোকাল বাস মহাসড়কে বিকল হয়ে ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ।
বিকল হওয়া এসব গাড়ি সরাতে ২০-২৫ মিনিট সময়ের প্রয়োজন হয়। আর এতেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়- যা ছাড়াতে অনেক লম্বা সময় লেগে যায়।
মহাসড়কে চলাচলকারী শ্রাবণ এন্টারপ্রাইজের বাস চালক সালাউদ্দিন, বাস চালক সাহেব আলীসহ অনেকেই বলেন, ঈদ এলেই ফিটনেসবিহীন যানবাহন যত্রতত্রভাবে চলাচল করে। সেসব ফিটনেসবিহীন যানবাহন গুরুত্বপূর্ণ স্পটে বিকল হলেই যানজট শুরু হয়ে যায়। কারণ সেই যানবাহন উদ্ধার করতে সর্বনিম্ন আধা ঘণ্টা সময় লাগে। যা ঈদের সময় লম্বা যানজট বাঁধানোর জন্য যথেষ্ট।
নির্জন এন্টারপ্রাইজ বাসের চালকের সহকারী আব্দুল বাসেত বলেন, যমুনা সেতুর ওপর মোটরসাইকেল বা বাইকের চালকদের আরেক যন্ত্রণা শুরু হয়। তারা একটু ফাঁক পেলেই বাইকের মাথা ঢুকিয়ে দেন। এতে অন্য সব যানবাহনের চালকদের বিড়ম্বনার শিকার হতে হয়।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, গত বছরও ঈদে সেতুর ওপর এবং মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল।
ছয় লেনের সড়ক হলেও ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামলে যানজটের শঙ্কা থেকেই যায়। একটি যানবাহন বিকল হলে তা মহাসড়ক থেকে সরিয়ে নিতে ন্যূনতম ১০ মিনিট সময় লাগলেও দীর্ঘ জটের সৃষ্টি হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত ১৪টি স্পট চিহ্নিত করা হয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশকে চার ভাগ করে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরে সাত দিন মহাসড়কে যানজট নিরসনে এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তিনটি শিফটে ২৪ ঘণ্টাই তারা দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
