মানিকগঞ্জে অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ
এ ঘটনায় নবজাতকের বাবা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মানিকগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নবজাতকের বাবা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার দুপুরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় ডেল্টা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।
অভিযোগপত্র থেকে জানা গেছে, সদর উপজেলার বেতিলা এলাকার আশিকুল ইসলাম তার স্ত্রী ইরিনকে সিজারিয়ান অপারেশনের জন্য সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে ভর্তি করান। দুপুর পৌনে ১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ইরিন ছেলে সন্তানের জন্ম দেন।
নবজাতকের শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে পরিবারকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়।
হাসপাতালের নথি অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সার্জন ছিলেন চিকিৎসক ওসমান গণি এবং মো. আবু বককর সিদ্দিক।
নবজাতকের বাবা আশিকুল ইসলাম বলেন, “ভর্তি ফরমে স্বাক্ষর করার কথা বলে একাধিক খালি ফরমে সই নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশনের আগে আমার বাচ্চার অবস্থা ভালো বলেছে, কিন্ত অপারেশনের পরই ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো কথা বলেন।
“তারা বলেন, বাচ্চার হার্টবিট কম ছিল এবং পেটে থাকতেই মলমূত্র খেয়ে ফেলেছে। জটিলতা থাকলে অপারেশনের আগে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা কেনো করেনি এবং বাচ্চার শারীরিক অবস্থার কথা কেনো জানায়নি। আগে থেকে জানালে যেখানে আইসিইউ আছে সেখানে নিয়ে যেতাম।”
তিনি বলেন, “বাচ্চা মারা যাওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা কোনো রকম খবর দিয়েই দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান।”
সঠিক তদন্তের মাধ্যমে নবজাতকের মৃত্যুর কারণ উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন আশিকুল ইসলাম।
খবর পেয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রতন পারভেজ ডেলটা জেনারেল হাসপাতালে পরিদর্শন করেছেন। তবে সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের খুঁজে পাননি তিনি।
মঙ্গলবার বিকালে চিকিৎসক ওসমান গণি বলেন, “অপারেশনের আগে ড্রপার মেশিন দিয়ে নবজাতকের হার্টবিট চেক করা হয়েছিল। বাচ্চার হার্টবিট কম ছিল এবং পেটের ভেতরে মলমূত্র খেয়ে অবস্থার অবনতি হয়। তাই দ্রুত অপারেশন করে পরিষ্কার করে অক্সিজেন দেওয়া হয়েছিল। এরপরও শিশুটি বাঁচেনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”
ডেলটা জেনারেল হাসপাতালের তথ্য কর্মকর্তা মো. শহিদুর রহমান শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবজাতকের মাকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। মূলত নরমাল ডেলিভারির জন্য নবজাতকের মায়ের পরিবার চেষ্টা করে নিয়ে আসেন।
“মানিকগঞ্জের অন্যতম ভাল চিকিৎসক ওসমান স্যার অপারেশন করেন। অনেক চেষ্টা করেছেন। বাচ্চার হার্টবিট কম ছিল এবং পেটের ভেতরে থাকতেই মলমূত্র খেয়ে অবস্থা খারাপ ছিল। এখানে হাসপাতালের কোনও গাফিলতি ছিল না।”
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম।
