Published : 25 Aug 2023, 11:05 AM
ঢাকা থেকে বরিশাল আসার পথে গৌরনদীতে আগুনে পুড়ে গেছে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬-১৭ জন যাত্রী নিয়ে গ্রিন লাইন পরিবহনের এসি বাসটি বরিশালে আসছিল।
পথে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বাসটির পেছনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরাসহ সবাই নেমে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা ৪৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
বিপুল হোসেন আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটি পুড়ে গেছে। যাত্রীদের সামনে বক্সের মালামাল রক্ষা করা গেছে। কিন্তু পিছনের বক্সের মালামাল পুড়ে গেছে।
গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়েছে।
এ ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। রাত দেড়টার পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।”
মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।