২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যারেজে আগুনে পুড়ল ১৫ ইজিবাইক

এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি গ্যারেজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অন্তত ১৫টি ইজিবাইক, পাশের বিভিন্ন দোকান, ঢালাইয়ের মিক্সচার মেশিন ও মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে বিএনপি নেতা আবুল মুনসুর মণ্ডলের গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানান মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম।

গ্যারেজ মালিক আবুল মুনসুর মণ্ডল বলেন, ভোরে গ্যারেজের পাশের চা দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশের সাউন্ড বক্সের দোকান, মুদি দোকান এবং গ্যারেজে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, রাত ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। দোকানে আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখেন সব পুড়ে গেছে। এ ছাড়া আগুনে এক ব্যক্তির প্রায় চার লাখ টাকার ঢালাইয়ের মিক্সচার মেশিন ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী কমাল হোসেন বলেন, “ভোরে দোকানে আগুন লাগার খবর পাই। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দোকানে যেতে পারি নাই। দোকানে থাকা সাউন্ডবক্স এবং মাইকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ইজিবাইক মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুলতান উদ্দিন, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হিমেল, মোহাম্মদ মনসুর আলীসহ অন্যরা জানান, তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন নিয়ে এবং সুদে টাকা নিয়ে ইজিবাইক কিনেছেন। অনেক মালিক এখনও তাদের কিস্তির টাকা এবং সুদের টাকা পরিশোধ করতে পারেননি।

গ্যারেজ, দোকান এবং ইজিবাইক মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুনে ২০টি অটোরিকশা, সাউন্ডবক্স, মাইক, মুদি দোকানসহ মালামাল এবং চা দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।