১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকা ক্ষতির দাবি

ক্ষতিগ্রস্তদের দাবি, সুনিল সাহার ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে। যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

শনিবার রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে আগুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান। 

তিনি বলেন, খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শেষে এর কারণ বিস্তারিত জানানো যাবে, বলেন তিনি। 

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, প্রতিদিনের মতো তিনি পাট গুদামের কাজ শেষে দোকান বন্ধ করে রাত ৮টার দিকে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না। 

তিনি আরও বলেন, তার গোডাউনে থাকা নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে এবং এই ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়েছেন।

আগুনে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তারা ব্যবসা শুরু করার জন্য দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন।