Published : 15 Jul 2026, 04:55 PM
এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, ভাসানী আদর্শ কলেজ ও বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন অভিভাবকরাও।
এ সময় ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, বলে স্লোগান দেন পরীক্ষার্থীরা।