২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা

এ ঘটনায় নিহতের স্বামীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নারায়ণগঞ্জে গৃহবধূকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা
নিহত কাজলী বেগম।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 05:54 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কাচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার ভোরে উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।

নিহত কাজলী বেগম (৩০) উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মো. মাসুমের স্ত্রী এবং বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার প্রয়াত কামাল হোসেনের মেয়ে।

মাসুম ওই এলাকার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। এ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানায়, ভোরে দুই শিশুর ডাক চিৎকার শুনে এলাকাবাসী দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে কাজলীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা মাসুমকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সেইসঙ্গে মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি গোলাম মোস্তফা।

এ ঘটনায় কাজলীর মা বাদী হয়ে মাসুমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।