কোনো দল এককভাবে দেশকে গড়তে পারবে না: টুকু
সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতিতে কোনো দল এককভাবে দেশকে গড়তে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “১৭ বছরে বিগত সরকার দেশের সবকিছু ধংস করে রেখে গেছে। এ অবস্থায় আগামীতে কোনো দল এককভাবে দেশকে গড়তে পারবে না। তাই বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, “দেশের প্রধান চ্যালেঞ্জগুলো হল- ১৭ বছরে যত টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা। আজকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই, তা ফিরিয়ে আনতে হবে। মানুষের নৈতিকতা ফিরিয়ে আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশের দুর্নীতি কমানো সম্ভব। বিএনপি এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই ৩১ দফা ঘোষণা করেছে।”
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি নেতা বলেন, “১৭ বছর আমাকে সিরাজগঞ্জ আসতে দেওয়া হয়নি। তোমরা নতুন প্রজন্ম, আমি তোমাদের সঙ্গে পরিচিত হতে এসেছি। পাশাপাশি বিএনপির ৩১ দফা কী- তা তোমাদের জানাতে এসেছি। তোমাদের মনে রাখতে হবে, খালেদা জিয়া বিগত সময়ে রাষ্ট্র পরিচালনার সময় ১০ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দিয়েছিলেন।”
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে বেকার ভাতা, ফ্যামেলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করবে। মৎস্য ও কৃষির উন্নয়নে খাল খনন কর্মসুচি হাতে নেওয়া হবে।”
মতবিনিময় সভার শুরুতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রজেক্টের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এরপর ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দেওয়ার পরই উপস্থিত শিক্ষার্থীরা নানা প্রশ্ন করেন।
সম্প্রতি সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইকবাল হাসান টুকুর নাম ঘোষণা করা হয়েছে।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুহিদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
