২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা দিতে পারেনি: প্রিন্স

সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

অন্তর্বর্তী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

তিনি বলেছেন, “এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জানমালের কোনও নিরাপত্তা দিতে পারেনি। এর আগে বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।”

রোববার দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “কমিউনিস্টরা দেশে দেশে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি-বিদেশি লুটেরা লুট করছে। দেশের বন্দর, প্রাকৃতিক সম্পদ, সমুদ্র এলাকা এ সরকার আমেরিকা ও বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অতি দ্রুত রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ মো. জামাল। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক হাসান তারেক চৌধুরী সোহেল, দশম জেলা সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক জাফর আহমেদ আকসির, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আসমা খানম, সদস্য অসিত রঞ্জন পাল, দেবদাস সিংহ, মো. ইসহাক, শাহীন খান, জেলা কৃষক সমিতির সভাপতি এম এ রকিব।

সম্মেলন উপলক্ষে জেলা শহরে এক বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়ে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকালে সিপিবির জেলা কার্যালয়ে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।