১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

১৯৮৯ সালে তেল উত্তোলন শুরুর সাত দিনের মাথায় রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায় বলে দাবি এলাকাবাসীর।

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান তেল খনি বন্ধের কারণ অনুসন্ধানের পাশাপাশি পুনরায় সেখান থেকে তেল উত্তোলনের দাবিতে মানববন্ধন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বন্ধ শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার চৌরাস্তায় ‘তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটির’ ব্যানারে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন এবং হাফিজুল ইসলাম বক্তব্য দেন। 

বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভূকম্পন জরিপের মাধ্যমে শালবাহান তেলখনি আবিষ্কৃত হয়। পরে ১৯৮৯ সালে সেখান থেকে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তেল আরোহণের কার্যক্রম উদ্বোধন করেন। তেল আরোহণের জন্য নিযুক্ত করা হয় ফ্রান্সের ফরোসল (ফস্টাল) নামের একটি কোম্পানিকে। 

আট হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি কূপের মাধ্যমে তেল আরোহণ শুরু হয়। তবে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফরোসল কোম্পানিও সবকিছু গুটিয়ে চলে যায়; যার রহস্য আজও অজানা।

বক্তারা বলেন, শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে সেই ফরোসল কোম্পানি খনন কার্য শুরু করে বলে জানা গেছে। অনেকের দাবি, ভারত সেখান থেকে তেল উত্তোলন করছে। 

শালবাহান তেল খনি বন্ধের কারণ অনুসন্ধানে সরকারকে তদন্তের পাশাপাশি পুনরায় সেখান থেকে তেল উত্তোলনের দাবি জানান এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় গিয়ে শেষ হয়।