২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বিতর্কিত হলে ইসিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খোকন

নরসিংদী পৌরসভায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 04:24 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ‘বিতর্কিত’ হয় তাহলে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। 

তিনি বলেছেন, “দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে আগের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।” 

সোমবার সকালে নরসিংদী পৌরসভার এক নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষের প্রচারপত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, “প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

“আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি, নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে।” 

এ সময় জেলা ও শহর বিএনপি এবং চিনিশপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।