বেনাপোল বন্দরে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ প্রাণ যাচ্ছে অসংখ্য পাখির
ধারণা করা হচ্ছে, অতিথি পাখিগুলো রাতে তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়।
বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে ‘হাই-মাস্ট লাইট পোস্টের’ বিদ্যুৎ সংযোগ বক্স থেকে অন্তত ত্রিশটি মৃত পাখি পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, প্রকৌশলীদের অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব পাখির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন যাবৎ টার্মিনালের হাই-মাস্ট লাইটের আশেপাশে দুই একটা মৃত পাখি পড়ে থাকতে দেখা গেলেও লোকজন এটা নিয়ে ভ্রূক্ষেপ করেনি।
পরে রোববার সকালে এই ল্যাম্পপোস্টটির নিচে বিদ্যুৎসংযোগ বক্সের তালা খুললে তার ভিতরে প্রায় ত্রিশটি মৃত পাখি দেখা যায়।
মৃত পাখিগুলো দেখে বিষয়টি নজরে আসার পর খোঁজ নিয়ে দেখা যায় বন্দরের মধ্যে থাকা প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টেই পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, অতিথি পাখিগুলো রাতে তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। কিন্তু সেখানে খোলা বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়।
শার্শা সরকারি মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, নিয়ম অনুযায়ী হাই-মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কাভার, ইনসুলেশন ও বন্যপ্রাণী-নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, “বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত। সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফিলতির কারণে বারবার বন্যপ্রাণির প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায় এড়ানোর সুযোগ নেই। “
দ্রুত হাই-মাস্ট লাইটের বিদ্যুৎ ব্যবস্থা বন্যপ্রাণীবান্ধবভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, “বিষয়টি আমি শুনেছি, এ নিয়ে আমি ঢাকায় চিঠি পাঠাবো।”
