২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের সঙ্গে ‘অশালীন আচরণ’, অধ্যক্ষসহ ৩ শিক্ষকের পদত্যাগ দাবি

অধ্যক্ষ বলেন, বিষয়গুলোর তদন্তের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো এখনও যাচাই করা হয়নি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 10:18 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অধ্যক্ষ ও দুই শিক্ষকের পদত্যাগ করেছেন শিক্ষার্থীরা।

এ দাবিতে বৃহস্পতিবার কলেজটির সামনে কুষ্টিয়া-ঈশ্বদী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ পর্যায়ের সহকারী অধ্যক্ষ শাহ জালাল ও প্রভাষক কামরুজ্জামান মোল্লা বিভিন্ন সময়ে ছাত্রীদের গায়ে হাত দেওয়াসহ অসদাচরণ করেছেন। 

ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে ছাত্রীদের কাছে পাঠানো মেসেজের প্রমাণও রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

ঘটনাগুলোর বিচার চেয়ে সপ্তাহখানেক আগে শিক্ষকদের কাছে অভিযোগও দিয়ে ছিলেন বলে জানান শিক্ষার্থীরা। 

তাদের অভিযোগ, ‘স্যারেরা’ বিচার করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রকার উদ্যোগ নেননি। তাই আজ বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। 

শিক্ষার্থীরা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন।  

এ বিষয়ে শিক্ষক শাহজালাল ও কামরুজ্জামান মোল্লার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও বন্ধ পাওয়া যায়। 

তবে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, “শিক্ষার্থীরা কোনো লিখিত অভিযোগ দেয় নাই; মৌখিকভাবে জানিয়েছে। তবুও বিষয়গুলোর তদন্তের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো এখনও যাচাই করা হয়নি।”