১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খুলনায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

নগরীর হরিণটানা ৮০ বিঘা কালভার্টের কাছে এ ঘটনা ঘটে বলে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:35 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

খুলনা নগরীতে এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর হরিণটানা ৮০ বিঘা কালভার্টের কাছে এ ঘটনা ঘটে বলে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান।  

নিহত ১৮ বছর বয়সী মনজুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকন সানার ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কয়েকজন মিলে মনজুরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। তারা তার পেটে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, “কী কারণে কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, মনজুরুলের বাবাও নির্মাণ শ্রমিক। মনজুরুল বাবার সহযোগী হিসেবে কাজ করতেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহলে রাজু নামের এক যুবক পিটিয়ে হত্যা করা হয়। 

একই দিন রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামের এক যুবককে মাথায় গুলি করার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।