২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

নরসিংদী সদর উপজেলায় প্রতিপক্ষের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

নিহত ফেরদৌসী আক্তার (৩৫) ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। 

এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও আরও পাঁচজন। 

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান নরসিংদী সদর হাসপাতালে গেলে তার ওপর হামলা চালায় একদল লোক।

বিকালে পাঁচটায় এ খবর লেখা পর্যন্ত হত্যা ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।