পিরোজপুরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ৮ দোকান
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শ্রীরামকাঠী বাজারে আটটি দোকান আগুনে পুড়ে গেছে।
বুধবার রাত ১২টার দিকে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন জানান।
তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মুদি, ইলেকট্রনিক্স ও মোবাইল ফোনের দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।
মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, “আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিস আসতে আসতে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সোয়াইব বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ব্যবসায়ীদের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
