চাঁদপুরে ঝড়ে টিনের ঘরে গাছ পড়ে স্কুলছাত্রের মৃত্যু
বা-মা ফিরছিলেন ঈদ করতে, তার আগেই গাছ পড়ে প্রাণ গেল শিশুর।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় টিনের ঘরের চালে গাছ ভেঙে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।
নিহত মো. ফয়েজ (১১) ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝড় ও দমকা হাওয়ার সময় ফয়েজ তার দাদীর সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে টিনের চালের ওপর পড়ে। এতে চাল ভেঙে গাছের অংশ ফয়েজের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় ফয়েজের দাদি মমিনা খাতুন ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হওয়ায় তিনি অল্পের জন্য বেঁচে যান। ফয়েজের বাবা আবু তাহের নারায়ণগঞ্জে অটোরিকশা চালান। লেখাপড়ার সুবিধার জন্য ফয়েজ গ্রামের বাড়িতে দাদীর কাছে থাকত।
কান্নাজড়িত কণ্ঠে মমিনা খাতুন বলেন, “ভোরে ফজরের আজান আর ঝড়ের শব্দে ঘুম ভাঙে। আমি ফয়েজকে উঠতে বলছিলাম। তখন সে বলে, একটু পরে উঠবে। এরপর হঠাৎ বিকট শব্দে বড় একটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটা সরাসরি আমার নাতির গায়ের উপর পড়ে। চোখের সামনেই সব শেষ হয়ে গেল।”
ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন ফয়েজের বাবা আবু তাহের। তিনি বলেন, “ছেলের জন্য ঈদের নতুন জামা কিনছিলাম। আল্লাহ আমার সব শেষ কইরা দিল।”
ওসি প্রদীপ মণ্ডল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “যতটুকু জেনেছি পরিবারটি অসহায়। সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।”
