Published : 15 Jul 2026, 07:54 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা শেষে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বুধবার দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজ ও লাল মিয়া সিটি কলেজের অন্তত ৫০ শিক্ষার্থী শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন। এরপর তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
খবর পেয়ে দুপুর ২টার পর গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা সংশ্লিষ্ট নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করেন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তারা আলোচনা করছেন। তবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোকাররম শেখ এবং শহরের লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মিম বক্তব্য দেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করার বিষয়ে জানতে জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি কেটে দেন।