চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সদর ও শিবগঞ্জ উপজেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে প্রাণহানি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের প্রাণ গেছে; মারা গেছে তিনটি গরুও।
মঙ্গলবার বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের মধ্যপাড়ার খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম (৪৭) এবং একই উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের জালাল উদ্দিন (৬৫)।
বজ্রপাতে চরমোহনপুর গ্রামের মুকুল, সাইদুর, ডালিয়া ও মাহাজুরা নামে চারজন আহতও হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, বিকালে চরমোহনপুরে মহানন্দা নদীর তীরে ধান কাটছিলেন খাইরুল ইসলাম ও অন্যরা। সেসময় বজ্রপাতে খাইরুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরাচ্ছিলেন তাজবুল ইসলাম। সেসময় বজ্রপাতে তাজবুল ও তিনটি গরুর মৃত্যু হয়। আর ছত্রাজিতপুর ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় ৪ নম্বর বাঁধের কাছে মাঠে কাজ করার সময় বজ্রপাতে জালাল উদ্দিনের মৃত্যু হয়।
