সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখল ভারতীয় মেয়ে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও মানবিক দৃষ্টান্ত দেখাল বিজিবি ও বিএসএফ।
আবারও সীমান্তে মানবিক দৃষ্টান্ত দেখাল বিজিবি ও বিএসএফ। এবার বাংলাদেশি এক নাগরিকের লাশ দেখার সুযোগ পেল ভারতীয় স্বজনরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে শেষবারের মত মায়ের মুখ দেখল ভারতীয় মেয়ে ও তার আত্মীয়-স্বজনরা।
মঙ্গলবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর উপস্থিতিতে লাশ দেখার ব্যবস্থা করা হয় বলে জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবি জানায়, সোমবার রাত ৯টার দিকে জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। খবর পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামে বসবাসকারী বানুর মেয়ে মোছা. মালেকা বেগম (৪০) ও স্বজনরা লাশ দেখার জন্য বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, সকালে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ দেখানোর ব্যবস্থা করা হয়।
শেষবারের মত মৃত মায়ের মুখ দেখতে পেয়ে দুদেশের সীমান্তরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান মালেকা বেগম। সেইসঙ্গে লাশ দেখার এ সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশি স্বজনরাও বিএসএফ ও বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন।
এর আগে শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্তে বাংলাদেশি আত্মীয়-স্বজনদের ভারতীয় এক নারীর লাশ দেখার সুযোগ করে দেন বিজিবি ও বিএসএফ।
আরও পড়ুন
