কুষ্টিয়ায় ‘হুকুমদাতা’ হানিফের বিরুদ্ধে ২ হত্যা মামলা
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক বলেন, “আন্দোলনের সময় সংঘটিত হত্যার ঘটনায় ৭-৮টি এজাহার জমা হয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় আটজন নিহত হন। এর মধ্যে দুজনকে হত্যার প্রধান ‘হুকুমদাতা’ হিসেবে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফের নামে পৃথক দুটি মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয় বলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ জানায়।
মামলায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাংবাদিক নেতা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ জেলার অর্ধশতাধিক নেতাকে আসামি করা হয়েছে।
একটি মামলার বাদী আন্দোলনে গুলিতে নিহত শিশু আব্দুল্লাহর (১৩) বাবা কুষ্টিয়ার সদর চর থানাপাড়ার বাসিন্দা লুকমান হোসেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, “আমি অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় গত ৫ অগাস্ট সোমবার দুপুরে আমার ছেলে আব্দুল্লাহ আমার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এসময় আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। আমার ছেলে ওই ভিড়ের মধ্যে পড়ে পালাতে থাকে। এ সময় মাহাবুব-উল আলম হানিফের নির্দেশে আতা তার হাতে থাকা অস্ত্র দিয়ে আমার ছেলে আব্দুল্লাহর বুকে গুলি চালায়।”
স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন।
এ মামলায় মাহাবুব-উল আলম হানিফসহ ১৪ জনের নাম উল্লেখ ও ১০-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক রাইসুল ইসলামের করা আরেক মামলার নথি থেকে জানা যায়, বাবু ও আশরাফুলসহ তারা বেশ কয়েকজন গত ৫ অগাস্ট আন্দোলনে অংশ নিয়ে বকচত্বর এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়।
রাইসুল ইসলাম বলেন, “আমরা পালাতে থাকলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। আদ্ব-দীন হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে আসামিরা বাবুকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।”
কুষ্টিয়া মডেল থানায় করা এ মামলাতেও মাহাবুব-উল আলম হানিফসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ৩৫ জন নেতার নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক চৌধুরী বলেন, “আন্দোলনের সময় সংঘটিত হত্যার ঘটনায় ৭-৮টি এজাহার জমা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।”
এছাড়া রেকর্ডভুক্ত মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
