২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: শেরপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম সোমবার দুপুরে এই নোটিশ দেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (জ্যেষ্ঠ সহকারী জজ) আমিনুল ইসলাম সোমবার দুপুরে এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, আব্দুল্লাহ আল কায়েস প্রতীক বরাদ্দ ও প্রচার শুরুর আগেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচার করছেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন। 

প্রার্থীকে ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় মুখ্য বিচারিক হাকিম ভবনের দোতলায় আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বিকালে বলেন, “একটি চিঠি অফিসে এসেছে। তবে আমি এখনও সেটি খুলে দেখিনি।”

শেরপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আমিনুল ইসলাম বলেন, “প্রার্থীর জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”