২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বাঁধল বিএসএফ

“আপাতত কাজ বন্ধ রয়েছে, তবে আমরা সতর্ক আছি”, বলেন বিজিবির কর্মকর্তা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে স্থাপন করা কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বেঁধে দিয়েছে বিএসএফ। তবে বিজিবির আপত্তির এক পর্যায়ে কাজ বন্ধ রেখে চলে যান বিএসএফ সদস্যরা।

ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে মঙ্গলবার উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানান রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল। 

সম্প্রতি বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে দুই দেশ আপাতত কোনও ধরনের নির্মাণ কাজ করবে না। 

ছড়িয়ে পড়া এক মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, বিজিবির একজন জওয়ান বার বার এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও, তা উপেক্ষা করে তর্ক করেন বিএসএফের এক সদস্য। এ সময় বিএসএফের এক সদস্য হিন্দিতে বলেন, “আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।”

তিনি আরও বলেন, “আমরা কাজ করতেছি না, ভারতীয় পাবলিক ওই বাঁশের বেড়া দিচ্ছে।” 

প্রতিউত্তরে বিজিবি সদস্য বলেন, “তাহলে আপনারা সীমান্তের শূন্যরেখায় তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন কেন?” 

উত্তরে বিএসএফের এক সদস্য বলেন, “আমরা সীমান্ত পাহারা দিচ্ছি।”

এর আগে ১০ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু শ্রমিক। সেই সময় সেখানে ভারতের রাণীনগর-৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের দেখা যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহলদল সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়।

এক পর্যায়ে বিজিবি টহল দলের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান।

সেই সময় রংপুর-৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, “সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্ত শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রস্তুত আছি।”

স্থানীয় শিক্ষক মো. রেজা বলেন, “সীমান্তে প্রায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী নিজেদের মত কাজ করে। বিজিবি বাধা দিলেও তারা থামেন না। এমনকি মাঝে মাঝে বেড়ায় মদের বোতল ঝুলিয়ে আমাদের উসকানি দেয়।”

স্থানীয় কৃষক ছামাদ বলেন, “আমরা সীমান্তে থাকি বলে সব সময় ভয় আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। একদিন শুনি কাঁটাতার, আরেকদিন শুনি বাঁশের ব্যারিকেড! এসব কি সীমান্তে উত্তেজনা ছড়ানোর জন্য?”

বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার জামিল বলেন, “বিষয়টি নজরে এনেছি এবং প্রতিবাদ জানিয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে, তবে আমরা সতর্ক আছি।”

এ বিষয়ে জানতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীনকে একাধিকবার মোবাইল করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন:

দহগ্রামে বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় সরল বিএসএফ

দহগ্রামে কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিল বিএসএফ, আতঙ্ক