১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ৩০

ঢাকা থেকে খুলনাগামী বাসটি একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী।

কশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান।

নিহত ১৮ বছর বয়সী মো. নাঈম হাওলাদার খুলনা শহরের সোনাডাঙ্গার ময়লাপোতা পৌর কলনির বাসিন্দা মো. বিল্টু হাওলাদারের ছেলে।

আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসআই রোমান মোল্লা বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘আরমান পরিবহনের’ যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।

“পরে স্থানীয় বাসিন্দা, সেনা সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, “আহত ৩০ জনের নাম আমার পেয়েছি। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”