নেত্রকোণার আওয়ামী লীগ নেতা তাজুল ঢাকায় গ্রেপ্তার
স্থানীয় ছাত্রদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলার আসামি তিনি।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ছাত্রদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলার আসামি তিনি। তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
তাজুল উপজেলার কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২৮ জুলাই কেন্দুয়া থানা গেইট সংলগ্ন ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার’ নামে ব্যবসাপ্রতিষ্ঠানে তাজুল ইসলামের নেতৃত্বে হামলা চালায় নেতাকর্মীরা। এতে ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সরকার পতনের পর ২১ অগাস্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছাত্রদল নেতা মো. মোবারক হোসেন দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলায় স্থানীয় সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামী লীগের ১৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়।
এর আগে ৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে এই মামলায় গ্রেপ্তার হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা কারাগারে রয়েছেন।
