শাকসু: মনোনয়নপত্র সংগ্রহ করলেন আরও ১০৩ জন, নারী প্রার্থী ৬
মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১০৩ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ছয় নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইসিসিটি ভবনের শাকসু নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানান নির্বাচন কমিশনারের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম।
তিনি বলেন, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদে ৫৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছয়জন। এ ছাড়া হল সংসদের মধ্যে ছয়টি আবাসিক হলে মনোনয়নপত্র নিয়েছেন ৪৫ প্রার্থী। এর মধ্যে ছেলেদের হলে ২৭ এবং মেয়েদের হলে ১৮ প্রার্থী হয়েছেন।
সব মিলিয়ে দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ১০৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান নির্বাচন কমিশনারের মুখপাত্র।
শাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনসহ কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ১৪৯ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে দুই দিনে ৮৪ প্রার্থী এবং ছয়টি হল সংসদের ৬৫ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকদ্দেছ বলেন, “সকাল থেকে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন। দুপুরের পর বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আচরণবিধি লঙ্ঘনের মত কিছু আমাদের চোখে ঘটনা পড়েনি।”
তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রার্থীরা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পর্যন্ত ও শুক্রবার বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রার্থীরা ডোপটেস্ট করতে পারবেন।
শনিবার মনোনয়নপত্র জমাদানের শেষে হলেও ওই দিন ডোপটেস্ট করার সুযোগ নেই বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত।
তিনি বলেন, ডোপটেস্টের প্রতিবেদনসহ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। কোনো প্রার্থীর যদি ডোপটেস্ট রেজাল্ট পজিটিভ আসে তার মনোনয়নপত্র বাতিল করা হবে।
শাকসু নির্বাচন কমিশনারের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রার দপ্তরে বলেছি, যাদের স্টুডেন্ট আইডি কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেছে, তাদের যেন যতদ্রুত সম্ভব আইডি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়।
“কারণ প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের সঙ্গে স্টুডেন্ট আইডি কার্ড জমা দিতে হবে। সেইসঙ্গে ভোটের দিন ভোটদানের সময় স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। নতুবা কেউ ভোট দিতে পারবে না।”
