২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেওয়াটখালী আর্চ স্টিল সেতু: বাঁকানো সংযোগ সড়কে ক্ষুব্ধ স্থানীয়রা

টোলপ্লাজা সংলগ্ন অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলনেও দেখা দিয়েছে জটিলতা; হয়রানির শিকার হওয়ার অভিযোগ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 10:33 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর সংযোগ সড়কের নকশায় পরির্বতন আনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শহরের বাইপাস থেকে শম্ভূগঞ্জ পর্যন্ত ৬ দশমিক ২০ কিলোমিটারের মধ্যে নদের উপর সেতুটি নির্মিত হচ্ছে। মূল সেতুর দৈর্ঘ্য এক হাজার ১০০ মিটার; এর মধ্যে আর্চ স্টিলের অংশ থাকছে ৩২০ মিটার। এ ছাড়া সেতুর দুপাশের সংযোগ সড়কের দৈর্ঘ্য ৫ দশমিক ১ কিলোমিটার।

এ সেতু প্রকল্পের নকশায় পরিবর্তন এনে উত্তর-পূর্ব অংশের সংযোগ সড়কটি বাঁকা করে নেওয়ায় সৌন্দর্য নষ্টের পাশাপাশি ব্যয় বাড়বে বলেও দাবি স্থানীয়দের। 

যদিও কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা রোধে সংযোগ সড়কটি বাঁকানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, তিন হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলওয়ে সেতু ঘেঁষে নির্মিত হচ্ছে আর্চ স্টিল সেতু। চলতি বছরের ১১ মার্চ থেকে শুরু হয়েছে সেতুর পাইলিংয়ের কাজ। 

স্থানীয়রা বলছেন, সংযোগ সড়কটি প্রথমে শম্ভূগঞ্জ তিন রাস্তার মোড় গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও এখন নকশায় টোলপ্লাজা সংলগ্ন থেকে চায়না মোড় হয়ে বাঁকা করে নেওয়া হচ্ছে মুটকিভাঙ্গা ব্রিজ পর্যন্ত। এতে ব্যয় বাড়ার পাশাপাশি সেতুর সৌন্দর্য নষ্ট হবে। একটি মহলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এমনটি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

চায়না মোড় এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, “দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্বপ্নের সেতুর কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে। তবে সেতুটির সংযোগ সড়ক প্রথমে শম্ভূগঞ্জ বাজারের তিন রাস্তা মোড়ে গিয়ে মিলিত হওয়ার কথা থাকলেও এখন নকশা পরিবর্তন করা হয়েছে।”

তিনি বলেন, “নতুন নকশায় সেতুটি ঘনবসতি এলাকা হয়ে টোলপ্লাজা সংলগ্ন থেকে চয়না মোড়, সেখান থেকে মুটকিভাঙ্গা ব্রিজের অগ্রভাগ ঝাওগড়া স্কুলের সামনে গিয়ে শেষ হবে। এতে জমি অধিগ্রহণে অধিক খরচ ও সেতুটি বাঁকা হওয়ায় সৌন্দর্য বিনষ্ট হবে।

সরকারের প্রায় কয়েকশ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা হাউজিং প্রকল্পে জড়িত প্রভাবশালীরা এর সুবিধা পাবে বলে দাবি তার। 

মোশারফ হোসেন বলেন, “এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আশা রাখছি, কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।” 

স্থানীয় ট্রাকচালক আব্দুর রাজ্জাক বলেন, “উত্তর-পূর্ব অংশে সেতুর অ্যানিমেটেড ভিডিওতে দেখেছি, সংযোগ সড়কটি বাঁকা হচ্ছে; এতে দুর্ঘটনার প্রবণতা বাড়বে। কারণ বাঁকা রোডে গাড়ি টার্ন নেওয়ার সময় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। সড়কটি সোজা হলে দেখতেও ভালো হত, দুর্ঘটনার আশঙ্কাও কম থাকত।”

টোলপ্লাজা সংলগ্ন অধিগ্রহণ করা জমির টাকা উত্তোলনেও দেখা দিয়েছে জটিলতা; হয়রানির শিকার হওয়ার অভিযোগ।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন সৌরভ বলেন, “অধিগ্রহণে আমাদের ৫১ শতাংশ জায়গা পড়ছে। টাকা তুলতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছি। কাগজপত্রের নানা সমস্যার কথা বলে ১০ পার্সেন্ট টাকা চাচ্ছে ভূমি অধিগ্রহণ (এলএ) অফিসের লোকজন।” 

তিনি বলেন, “৬ পার্সেন্ট টাকা সরকার আগেই কেটে নিয়েছে; কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত; তাহলে ক্ষতি পোষাব কীভাবে আপনারাই বলেন? জমির শ্রেণি সমস্যা হলে সংশোধনের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। শুধু এলএ অফিস নয়, অন্যখানেও মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয়। হয়রানির কারণে এখন পর্যন্ত টাকা তুলি নাই। আমরা ভাবছিলাম, সংযোগ সড়কটি সরাসরি শম্ভূগঞ্জ গিয়ে লাগবে, সেটি না হওয়ায় ভোগান্তি বেড়েছে।”

তবে অতিরিক্ত টাকা চাওয়ার ব্যাপারে ময়মনসিংহের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুনমুন নাহার আশার সরকারি মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

কেওয়াটখালী আর্চ স্টিল সেতু প্রকল্পের ব্যবস্থাপক দিদারুল আলম বলেন, “সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সড়ক ও জনপথ বিভাগ একটি আন্তর্জাতিক কোম্পানি নিয়োগ করলে তারা চারটি অ্যালাইনমেন্ট প্রস্তুত করে। চারটির মধ্যে সবচেয়ে যেটি কম ব্যয়; সেটি তারা আমাদের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই ব্রিজ ডিজাইন করা হয়েছে।” 

সেতুটি রেল লাইনের ৮ দশমিক ৫ মিটার ওপর দিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, “এতে ঝুঁকিমুক্ত যান চলাচলে যতটুকু দূরত্ব রাখা দরকার সেটি শম্ভূগঞ্জ পর্যন্ত নাই। সরাসরি শম্ভূগঞ্জে সেতুর সংযোগ দিলে স্লোপ বেড়ে যেত এবং দুর্ঘটনা ঘটত। তাই যানচলাচল নির্বিঘ্ন করতে বাঁকা করে চয়না মোড়, সেখান থেকে মুটকিভাঙ্গা ব্রিজের অগ্রভাগ ঝাওগড়া স্কুলের সামনে মিলিত করা হয়েছে। অন্য কোনো কারণে নয়।” 

সবার সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে দাবি করে তিনি বলেন, “২০২৫ সালের জুনে সেতুটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।” 

এ বিষয়ে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, “আর্চ স্টিল সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে সেতুর কাজ চলমান রয়েছে। সেটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।” 

তিনি বলেন, “সেখানকার মানুষ তাদের জমি অধিগ্রহণের টাকা তুলতে গিয়ে পদে পদে বিড়ম্বনার পাশাপাশি ভূমি অধিগ্রহণ অফিসের লোকজনকে অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে আমিও অবগত আছি। বিষয়টি পর্যবেক্ষণ করে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।”