২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আওয়ামী লীগ নেতা

তারা পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিয়েছিলেন।

আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আওয়ামী লীগ নেতা
সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে এসে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। 

শুক্রবার বিকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

ওসি রাশিদুল ইসলাম বলেন, সাঁথিয়া থানার একটি নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময় ছিল। সিরাজুল ও শাহীন পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। 

কার্যক্রম শেষে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে প্রার্থী আবু সাইয়িদ বলেন, “মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রস্তাবক হিসেবে মিরাজুল আমার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। আমার প্রার্থীতা বৈধ হবার পর মিরাজুল ও শাহীন সেখান থেকে বের হলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।

“কোনও মামলা ছাড়াই তাদের আটক করায় তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

তিনি বলেন, “প্রশ্ন হলো প্রশাসন কী অবাধ সুষ্ঠু নির্বাচন চায়? এটা তো তার নমুনা না। কর্মীদের এভাবে মামলা ছাড়া গ্রেপ্তার করার চাইতে আমাদের বলে দিক, মনোনয়ন প্রত্যাহার করে নেই।”

অধ্যাপক আবু সাইয়িদ রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময় তিনি শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন আবু সাইয়িদ।

পরবর্তীতে তিনি গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ ছাড়া ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও পাবনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।