২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলে আটক

আটকদের বিরুদ্ধে ভূমি দখল ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক অভিযোগ রয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 12:08 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ভোলায় সদর উপজেলা থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি দেশি অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার ভোরে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

আটক আলমগীর মাতব্বর (৬০) ওই গ্রামের বাসিন্দা ও তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫)।

কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলমগীর ও রিয়াদ অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করতেন। এ ছাড়া তাদের বিরুদ্ধে ভূমি দখল ও এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক অভিযোগ রয়েছে। 

এসব অভিযোগের ভিত্তিতে প্রথমে তাদেরকে আটক করে কোস্ট গার্ড। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে কোস্ট গার্ড।