২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে গিয়ে ‘নিখোঁজ’ কিশোর

কিশোরের স্বজনদের দাবি, ছেলেটির নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 04:08 PM

Updated : 31 Jul 2023, 04:08 PM

মানিকগঞ্জের হরিমারপুরে বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে গিয়ে এক কিশোর নিখোঁজ রয়েছে।

স্বজনরা জানান, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে হরিরামপুরের ধূলসুরা এলাকায় পদ্মায় গোসলে যায় ১৭ বছর বয়সি কিশোর তুষার হোসেন মতিয়ার।

সে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে।

অন্য বন্ধুরা বিকালে বাড়ি ফিরে এলেও তুষারের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার।

স্বজনদের দাবি, তুষারের নিখোঁজের বিষয়টি তার বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।

তুষারের চাচা আজিজ খান বলেন, “ছেলেটি নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানালো না কেন? এতেই বোঝা যায়, ওর বন্ধুরা তুষারকে মেরে পদ্মায় ফেলে দিয়েছে।”

তুষারের মা বলেন, “আমাগো এলাকার অভি (১৬), মো. জিহাদ (১৭), মো. সালাউদ্দিন (১৬) সহ কয়েকজন তুষারকে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে ফিরে না আসায় তাদের কাছে জানাতে চাইলে একেক জন একেক কথা বলে। কেউ বলে, তুষার আসতেছে রাস্তায়, আবার কেউ বলে, সে কই তা জানে না। সন্ধ্যায় ওরা তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন ফোন দিয়েছে; অ্যান্ড্রয়েড মোবাইলটা ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।”

অভির বাবা আশরাফ বলেন, “আমার ছেলে অভি আর সালাউদ্দিন গোসল করে নদী থেকে চলে আসে। বাকি চার জন পদ্মাপাড়ে রয়ে যায়।”

জিহাদের বাবা জয়নাল বলেন, “পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা জানিয়েছে।”

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, “আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। গতকাল রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের আত্মীয়রা অভিযোগ দিয়েছেন। তদন্ত কাজ চলছে।”